বগুড়ায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার সাবগ্রাম রেলগেট-সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, সাবগ্রাম রেলগেটের পাশে তাওহীদদের বাসা। দুপুরে অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে সে। স্থানীয়রা তাওহীদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।








