বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে।
জহুরুল ইসলাম উপজেলার ভুতবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে। ভিডিওতে দেখা যায়, একটি ঘরের বারান্দায় খাটের ওপর বসে জহুরুল ইয়াবা সেবন করছেন। জহুরুলের সঙ্গে থাকা কোনো ব্যক্তি তার অজান্তে ভিডিওটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটির দৈর্ঘ্য প্রায় এক মিনিট।
ভিডিওতে তার সঙ্গে আরেক ব্যক্তি থাকলেও ওই ব্যক্তির চেহারা স্পষ্ট নয়। তবে জহুরুল ইসলামকে স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুলের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও বিক্রির অভিযোগ থাকলেও তা নিয়ে কেউ মুখ খুলতে সাহস করছিলেন না। তবে মাদক সেবনের ভিডিও প্রকাশ পাওয়ার পর এলাকাজুড়ে সমালোচনা চলছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে উপজেলায় দলের নাম করে জহুরুল ইসলাম বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হন। ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্নসহ জহুরুলকে নিয়ে দলের নেতাকর্মীরাও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন।
এ বিষয়ে যুবদল নেতা জহুরুল ইসলাম সাগরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, যুবদলে কোনো মাদকসেবী কিংবা সন্ত্রাসীদের জায়গা হবে না। ভিডিওটি নজরে পড়েছে। এরই মধ্যেই ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এফএ/এএসএম








