কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা দিন দিন বাড়ছে। আর তাদের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। বহিরাগতরা ঘুরতে আসা ছাড়াও এমন কিছু কাজ করে থাকে, যা নিতান্তই দৃষ্টিকটু। বিশেষ করে ক্যাম্পাসের মীর মুগ্ধ সরোবর, স্মৃতিসৌধ অথবা বিভিন্ন নিরিবিলি এলাকায় তাদের অশোভনীয় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার বহিরাগত বা বখাটেরা ক্যাম্পাসের গাছের ফলমূল অযথা নষ্ট করে। বখাটেদের মাধ্যমে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উত্যক্ত করার ঘটনাও ঘটে থাকে। বহিরাগতরা কোনো নেতার ট্যাগ দিয়ে ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন করে থাকে। ছুটির দিনে বা কোনো বড়সড় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন কোনো ছোটোখাটো বিনোদনকেন্দ্র হয়ে ওঠে। বহিরাগতদের এসব কার্যকলাপ ইবি ক্যাম্পাসের শান্ত পরিবেশকে নষ্ট করছে। এছাড়া ক্যাম্পাসে তারা শিক্ষার্থীদের ওপর জোর খাটানোর চেষ্টা করে থাকে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতোমধ্যেই নানা নেতিবাচক ঘটনা ঘটে গেছে, যা দেশজুড়ে তোলপাড় তৈরি করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহিরাগত প্রবেশ সীমিতকরণে এবং নিরাপত্তা জোরদার করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

শাহরিয়ার সৌরভ, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া