হবিগঞ্জের বাহুবলে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের বাদে বামৈ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিম্পা চক্রবর্তী (৩০) ওই গ্রামের বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, দুই স্ত্রী নিয়ে একই বাড়িতে বসবাস করতেন বিধান চক্রবর্তী। শনিবার পরিবারের সদস্যরা রিম্পাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”