বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, কোস্টগার্ড তার সূচনালগ্ন থেকে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবিক সহায়তা দিয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দিয়ে আসছে কোস্টগার্ড।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের সঙ্গে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সমস্যায় পড়া ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
টিটি/এমএএইচ/








