দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম।

দায়িত্ব নেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিজিএমইএতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করবো।

শনিবার (১ আগস্ট) বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহেদুল ইসলাম সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন।

ড. সাহেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি লাভ করেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজিএমইএর নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্বের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব নেওয়ার পর প্রতিক্রিয়ায় ড. সাহেদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন বিজিএমইএতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

এমএএইচ/