হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৬-২৭ অর্থবছরে ১৩৩ কোটি ৪১ লাখ টাকা বাজেট বরাদ্দ পেয়েছে। যা গত বছরের তুলনায় চার কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা বেশি। যেখানে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দই রাখা হয়নি। বাজেটের সর্বনিম্ন বরাদ্দ স্বাস্থ্যসেবা খাতে মাত্র ১২ লাখ টাকা (০.০৯%)। শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ২০৩ জন হওয়ায় মাথাপিছু বরাদ্দ দাঁড়িয়েছে মাত্র ১০৭ টাকা। যা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন অনেকে। জানা যায়, ইউজিসি দেবে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ৯ কোটি ৬৩ লাখ টাকা। অন্যদিকে সর্বোচ্চ বরাদ্দ গেছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, অবসর ও পেনশন বাবদ ৯০ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকা (৬৭.৫৯%)। তবে যানবাহন খাতে প্রথমবারের মতো চার কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও পণ্য ও সেবা বাবদ ২৯ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইউজিসি ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও কমিশন গবেষণা ও বিদেশি বৃত্তির জন্য ২৩৮ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যার ২২৬ কোটি টাকা গবেষণা খাতে ব্যয় করা হবে। তবে কোন বিশ্ববিদ্যালয় কত অর্থ পাবে, সে বিষয়ে পৃথক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।








