পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে জনদুর্ভোগ লাঘবে একটি জরাজীর্ণ পুল পুনর্নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া টিম’। স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাঠাপিটানিয়া-লেবুবাড়ী সড়কের ৪২ ফুট দীর্ঘ এই পুলটির সংস্কার কাজ শুক্রবার (১০ জুলাই) সম্পন্ন হয়। দিনভর বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের সদস্যরা এই কাজ সম্পন্ন করেন।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পুলটির কাঠের পাটাতন নষ্ট হয়ে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, প্রবীণ ও নারী-শিশুদের ভোগান্তি ছিল নিত্যদিনের। এমনকি এই জরাজীর্ণ পুল থেকে পড়ে এর আগে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলেও জানান তারা। বিষয়টি নজরে আসার পর ‘সবার আগে বলদিয়া টিম’ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়।সংগঠনটি জানিয়েছে, এটি তাদের ৭২তম জনকল্যাণমূলক কাজ। এই উদ্যোগটি নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অহিদুজ্জামান ওহিদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। কাজ শেষে সংগঠনের সদস্যরা তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।এলাকাবাসীর মতে, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে তরুণদের এমন দায়িত্বশীলতা স্থানীয়দের যাতায়াত ব্যবস্থায় বড় স্বস্তি এনে দিয়েছে। স্বেচ্ছাশ্রমে এমন উন্নয়নমূলক কাজের জন্য তারা সংগঠনটির প্রশংসা করেছেন।/