পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে নিখোঁজের ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে এ ঘটনা ঘটে।
মাহাবুব ব্যাপারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ‘মায়ের দোয়া’ নামের মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন অসাবধানতাবশত পা পিছলে ট্রলার থেকে নদীতে পড়ে যান মাহাবুব।
ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, ট্রলারটি সাগরের উদ্দেশ্যে ছাড়ার সময় হঠাৎ মাহাবুব ব্যাপারি নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান। পর স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দিলে নৌপুলিশ ও বরিশাল থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ৮ ঘণ্টার উদ্ধার অভিযানের পর বিকেল ৬ টার দিকে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
মো. তরিকুল ইসলাম/এনএইচআর/এএসএম








