বান্দরবানের থানচিতে বন্দুকসহ জৌথান বম (৫৫) নামে এক ব্যক্তিকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। শনিবার (৪ জুলাই) থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার এ তথ্য জানান।
আটক জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরপা পাড়া এলাকার লাল পিয়াম বমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সত্র জানায়, গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। ওই সময় সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী। অভিযানের এক পর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে শেরকর পাড়া থেকে আটকের পর শনিবার থানচি থানায় সোপর্দ করে সেনাবাহিনীর সদস্যরা।
ওসি কানন সরকার বলেন, “সেনাবাহিনী একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।”








