চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাতে লাইট বন্ধ করে ১২ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী অবস্থান করাই তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার (৩ জুলাই) উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।
শনিবার (৪ জুলাই) সকালে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে চকপাড়া সীমান্তে ওপারে বিএসএফ হঠাৎ করেই লাইট বন্ধ করে দেয়। অন্যান্য সীমান্তেও এভাবে লাইন বন্ধ করে দিয়েই পুশইন করে থাকে তারা। লাইট বন্ধ করে দেওয়ার খবরে এলাকাবাসী জড়ো হয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। পরে অবশ্য বাংলাদেশিদের চিৎকার ও চেচামেচিতে লাইট জ্বালিয়ে দেয় বিএসএফ।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পসংলগ্ন সীমান্ত পিলার ১৮৩/৩-এস এলাকায় বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয়। এই খবর পেয়ে বিজিবি টহলদল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোর্স মারফত জানা যায়, পুশইনের উদ্দেশ্যে বিএসএফ জিরো লাইন থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ‘মুসলিমপাড়া’ এলাকায় আনুমানিক ১২ জনকে জড়ো করেছিল। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ পুশইনের জন্য জড়ো করা মানুষদের নিজস্ব যানবাহনে করে ভারতের মালদা হোল্ডিং সেন্টারে ফিরিয়ে নিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।”








