আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, বরং তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেক জেলা পর্যায়ে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে সরকার।

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু হবে। সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির বরাদ্দ সম্পর্কে অতীতে জনপ্রতিনিধিরা অবহিত হতেন না। সেই ব্যবস্থা পরিবর্তন করে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান সমাজকল্যাণ মন্ত্রী। 

তিনি আরো বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য রাখা হবে না। একইসাথে সেবাগ্রহীতা বা উপকারভোগীদের সেবা দিতে গিয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। 

প্রতিবন্ধীদের শিক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ২৫টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। এছাড়াও প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে মন্ত্রী রংপুরের সরকারি শিশু পরিবার, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসহ সমাজসেবা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যালয় পরিদর্শন করেন। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।