ঝিনাইদহের কোটচাঁদপুরে হাতকড়া পরানোর সময় পুলিশ ফাঁড়ি থেকে ফরিদ হোসেন (২৮) নামে এক আসামি পালিয়ে গেছেন। পরে শনিবার (৪ জুলাই) সকালে পুনরায় তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে শুক্রবার (৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান আসামি।
ফরিদ হোসেন কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, ফরিদ হোসেনের নামে তার মা চুরি ও মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আদালত ফরিদ হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সাফাদারপুর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রাম থেকে পুলিশ ফরিদ হোসেনকে আটক করে। ওই সময় তাকে হাতকড়া পরানোর সময় কৌশলে ফরিদ হোসেন পালিয়ে যায়। পরে রাতভর কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদকে গ্রেফতার করে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, গ্রেফতারের পরে পালিয়ে যাওয়ার অভিযোগে ফরিদ হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।
এম শাহাজান/এনএইচআর/এএসএম








