ঈশ্বরদী পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মকলেছুর রহমান বাবলু (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি--রাজিউন)। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই মাহাবুবুর রহমান পলাশ।

জানা যায়, মকলেছুর রহমান বাবলু দীর্ঘদিন ধরে কিডনী, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুর ১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের ফতেহমোহাম্মদপুর নিজ বাড়িতে অবস্থান করার সময় শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও ভাই-বোনসহ বহু শুভাকাঙ্খী রেখে যান। তাঁর জানাযার নামাজের সময় এখনো নির্ধারণ হয়নি।

মকলেছুর রহমান বাবলু ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ট্রেনবহরে আালোচিত হামলা মামলায় প্রায় সাড়ে ৫ বছর কারাভোগ করেন। এ মামলায় তিনি ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ছিলেন। পরে ২০২৪ সালে এ মামলা খারিজ হলে তিনিসহ অন্যান্য আসামীরা দন্ডমুক্ত হন।

মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এক শোকবার্তায় তিনি জানান, বিএনপি মকলেছুর রহমান বাবলুর মতো একজন জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতাকে হারালো। এটি বিএনপির রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শেখ মহসীন/কেজে/জেআইএম