শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সমলা খাতুন (৭০) উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা খিচা এলাকার জাফর আলীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সমলা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। চার দিন আগে নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শনিবার দুপুরে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”








