কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়া এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক দুলু, যাত্রী মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান।
স্থানীয়রা জানান, রংপুরগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক রাজারহাটের শিমুলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন এরশাদ আলীসহ পাঁচজন। হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








