বন্ধ ও মূলধন সংকটে থাকা শিল্প ও সেবা প্রতিষ্ঠান পুনরুজ্জীবনে গঠিত ২০ হাজার কোটি টাকার ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ বাস্তবায়নে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় অর্থায়নে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) সম্পাদন করতে হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-৩ (বিআরপিডি-৩) এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, গত ৪ জুন জারি করা বিআরপিডি-১ প্রজ্ঞাপন অনুযায়ী দেশের বৃহৎ শিল্প ও সেবা খাত, বিশেষ করে রপ্তানিমুখী খাতের সম্পূর্ণ বা আংশিক বন্ধ এবং মূলধন সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে তিন বছর মেয়াদি আবর্তনশীল (রিভলভিং) ২০ হাজার কোটি টাকার ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ গঠন করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পরিচালনা পর্ষদের অনুমোদনের পর গ্রাহক পর্যায়ে ঋণ বা বিনিয়োগ বিতরণের আগে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি-৩ বিভাগে প্রাক-অর্থায়নের আবেদন করতে হবে। ঋণ গ্রহণ ও পরিশোধের সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয় বা প্রিন্সিপাল অফিসের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে গ্রাহকের উৎপাদন বা সেবা প্রদানের সক্ষমতার প্রত্যয়ন, অর্থপাচার, জালিয়াতি, ফান্ড ডাইভার্শন বা ঋণের অর্থ অপব্যবহার না করার ঘোষণা, লেটার অব অথরাইজেশন, ডেবিট অথরিটি, কনটিনিউটি, প্রমিসরি নোট, বিক্রয় বা রাজস্ব প্রতিবেদন সংগ্রহ এবং কারখানা পরিদর্শনের বিষয়ে ব্যাংকের প্রত্যয়নপত্রসহ নির্ধারিত দলিলাদি জমা দিতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, আবেদনকারী ব্যাংকের উদ্বৃত্ত তারল্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হয়েছে কি না, সে বিষয়ে প্রত্যয়নপত্র এবং স্কিমের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে এ মর্মেও প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
এ ছাড়া অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা তার মনোনীত কর্মকর্তার স্বাক্ষরে ঋণ বিতরণ ও আদায়সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন প্রতি ত্রৈমাসিক শেষ হওয়ার পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি-৩ বিভাগে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ইএআর/এমএএইচ/








