গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সেবাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে জনতা ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে নেক্সাস পেমেন্ট গেটওয়ে ও রকেটের মাধ্যমে অনলাইন লেনদেনসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান (সিএসপি), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তিপত্রে জনতা ব্যাংকের আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আনিস এবং ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটি ডিভিশনের প্রধান আব্দুল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় জনতা ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’ (JanataPay)-তে ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড, রকেট, ভিসা কার্ড ও মাস্টারকার্ড ব্যবহার করে অনলাইন পেমেন্ট গ্রহণের সুবিধা যুক্ত হবে। এর ফলে ‘জনতা পে’-এর সঙ্গে যুক্ত বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ও সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন।

উভয় ব্যাংকের মতে, এ উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ, ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করা এবং গ্রাহকদের জন্য আরও উন্নত, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন পেমেন্ট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।