কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের ডিসি পার্কের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাওসার পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের সম্মান (রসায়ন) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের বন্ধু শাওন জানান, দুপুরে তারা কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে কাওসার পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়।