কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে কাওসার (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের ডিসি পার্কের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।
তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স (স্নাতক) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বন্ধু শাওন জানান, দুপুরে কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে কাওসার পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। এসময় তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর কাওসারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইকবাল হোসেন বলেন, ‘পুকুরে ডুবে যাওয়া কলেজ ছাত্রকে ফায়ার সার্ভিসের ইউনিটের লোক উদ্ধার করে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে৷’
আল-মামুন সাগর/কেজে/এএসএম








