বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৪ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ নাফিজ (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) ও আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।
এ ঘটনায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১) নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে একটি ফিশিং ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে সাগরে যায়। ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার এবং একজনের নিখোঁজ থাকার বিষয়টি জানা গেছে।







