পারিবারিক সম্পর্ক, পৈতৃক সম্পত্তি নিয়ে টানাপোড়েন এবং নির্মল হাস্যরসের সমন্বয়ে নির্মিত নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’ নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো। ইমরান ইমনের পরিচালনায় নির্মিত নাটকটি গত ২ জুলাই থেকে স্ট্রিমিং হচ্ছে।নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই সহোদর আলাল ও দুলালকে ঘিরে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে বড় ভাই আলালের নানা কৌশল ও প্রতারণার শিকার হতে থাকে সহজ-সরল দুলাল। তবে শেষ পর্যন্ত সে নিজের ন্যায্য অধিকার ফিরে পায়, নাকি প্রতারণার শিকার হয়েই থাকে—সেই উত্তর মিলবে নাটকের গল্পে।নির্মাতা ইমরান ইমন বলেন, “আলাল ও দুলাল আমাদের সমাজের খুবই পরিচিত দুটি চরিত্র। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের আড়ালে লুকিয়ে থাকা নানা অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করছে।”মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আ খ ম হাসান, মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ আরও অনেকে।
পারিবারিক কমেডি ও নাটকীয়তার মিশেলে নির্মিত ‘আলাল দুলাল’ বর্তমানে বঙ্গো প্ল্যাটফর্মে দর্শকরা উপভোগ করতে পারছেন।








