পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আর কোনো স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছে, এখন থেকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের দায়িত্ব পালন করবেন, যাতে প্রয়োজনের সময় দ্রুত স্লুইসগেট খুলে পানি নিষ্কাশন করা যায়।
আজ শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের মাঠে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এবারের বন্যায় স্লুইসগেট না খোলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, এক সাংবাদিকের এমন কথার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, এ বিষয়ে সরকার নতুন অনুশাসন জারি করেছে। এখন থেকে পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না। এর পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, এর ফলে স্থানীয় পর্যায়ে প্রয়োজনের সময় স্লুইসগেট খুলে পানিনিষ্কাশন এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে এবং স্লুইসগেটের ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার বন্যায় কিছু বেড়িবাঁধ ভেঙেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্থায়ী বাঁধ সংস্কার নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উপকূলীয় এলাকাকে নিরাপদ রাখতে সরকার কাজ করছে। উপকূলীয় জেলাগুলোতে খালের মুখে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এর আগে, পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গত ২০টি পরিবারের হাতে গৃহস্থালি উপকরণ তুলে দেন তিনি। এরপর পেকুয়ার সদর, মগনামা, বারবাকিয়া, টৈটং, রাজাখালী, উজানটিয়া ও মাতামুহুরী উপজেলার কোনাখালী, ভেওলা মানিকচর, পূর্ব বড়ভেওলা ও সাহারবিলে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলমা, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাতুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রমুখ।
দুই দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার কক্সবাজার আসেন। প্রথম দিন তিনি চকরিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। দ্বিতীয় দিনে পেকুয়া এবং মাতামুহুরী উপজেলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।







