পৃথক দুটি অভিযানে কেরানীগঞ্জ থানার একটি চুরির মামলা ও জয়পুরহাটের পাঁচবিবি থানার একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (১৮ জুলাই) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।
তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানার একটি চুরি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি রানা বেপারীকে (৩০) কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত বছরের ৫ ডিসেম্বর ভুক্তভোগী কবীর হোসেন সপরিবারে বাসার বাইরে গেলে পরদিন ফিরে দেখেন, বাসার গ্রিল কেটে নগদ ১২ লাখ টাকা, প্রায় ১৫ দশমিক ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় ১২ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে জয়পুরহাটের পাঁচবিবি থানার একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. মাসুদ (৪৮) ও মো. সুমন মিয়াকে (৩৮) দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এএসপি তাপস কর্মকার আরও জানান, গত ৩ জানুয়ারি ভোরে পাঁচবিবি উপজেলার ‘মণ্ডল জুয়েলার্স’-এ ৬-৭ জনের একটি ডাকাত দল নাইট গার্ডকে জিম্মি করে নগদ ৬ লাখ টাকা, প্রায় ৩৫ ভরি সোনা ও ১৫০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচবিবি থানায় ডাকাতির মামলা হয়।
গ্রেফতারের সময় দুই আসামির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এক হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর কর্মকর্তা জানান, গ্রেফতার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
টিটি/এমআইএইচএস







