বাংলা কিউআর ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ শনিবার ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে ব্যবহার করে তিনি এ কেনাকাটা করেন। ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে ও রকেটের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডাচ্-বাংলা ব্যাংক জানিয়েছে, সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে তারা সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।








