সম্মানজনক রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।

জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে রবি এলিটের গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার উৎকর্ষ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওই পুরস্কার পেয়েছে ওয়ালটন প্লাজা। ওয়ালটন প্লাজাসহ মোট ২০টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর রবি আজিয়াটা পিএলসির করপোরেট কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রবি এলিটের অংশীদার ব্র্যান্ডের প্রতিনিধিরা।

রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। বর্তমানে এটি দেশব্যাপী দেড় হাজারের বেশি অংশীদার ব্র্যান্ডের ৫ হাজারেরও বেশি আউটলেটের মাধ্যমে ১ কোটির বেশি প্রিমিয়াম গ্রাহককে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা, আকর্ষণীয় অফার এবং বিভিন্ন রিওয়ার্ড প্রদান করছে।

ওয়ালটন প্লাজার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর সানিমুল হক ভূঁইয়া, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর সাঈদ দিলওয়ার রাহমান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাফিস ইসতিয়াক।

সম্মাননা পাওয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পাঠাও, স্বপ্ন ডটকম, ঢাকা ব্যাংক, আইসিডিডিআরবি, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, টেস্টি ট্রিট, পিজ্জা ইন, চলোঘুরি ডটকম, মেন্টরস, স্টার টেক এবং বিডিট্যাক্স টেকনোলজি।