ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেন আরো সুশৃঙ্খল করতে বাংলা কিউআর (Bangla QR)-ভিত্তিক মার্চেন্ট পেমেন্টে নতুন ফি কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি-২)।
সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতায় পরিচালিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।
তবে বাংলা কিউআর ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে নতুন করে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের (এমডিআর) সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করলে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।
তবে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে প্রয়োজন হলে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো বিশেষ প্রচারণামূলক (প্রোমোশনাল) ক্যাম্পেইনের আওতায় এই ফি কমানো বা ছাড় দেওয়ার সুযোগ পাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান সই করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।








