আরএমজি ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বুধবার (১ জুলাই) ঢাকার আম্বার গ্রুপের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
আরএমজি ক্লাব লিমিটেডের সভাপতি রেজাউল আলম মিরু ও বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সভায় উভয় সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, শিল্পখাতে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ সম্প্রসারণ, গবেষণা ও জ্ঞান বিনিময় এবং শিল্পের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া টেক্সটাইল শিল্প উদ্যোক্তা ও তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পবান্ধব নীতিগত পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক সমন্বয় আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
সভায় বক্তারা বলেন, দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্পসংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার কোনো বিকল্প নেই।
বৈঠক শেষে উভয় সংগঠন নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং দেশের সর্ববৃহৎ রপ্তানিমুখী শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করে।
এমএমকে








