সার্কিট ব্রেকারসহ শেয়ারবাজার নিয়ন্ত্রণের মাপকাঠি (মার্কেট কন্ট্রোল প্যারামিটার) নির্ধারণ ও বাস্তবায়নে স্বাধীনতা পেল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক এক্সচেঞ্জগুলোকে এই স্বাধীনতা দিয়েছে।

বুধবার (১ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গত ৩০ জুন অনুষ্ঠিত ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসই ও সিএসইর সংশ্লিষ্ট প্রবিধানমালা, নীতিমালা এবং কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা বিবেচনায় সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়ন করতে পারবে। এর ফলে ১৭ জুন ২০২১ জারি করা বিএসইসির আদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে দুর্বল পারফরম্যান্সকারী কোম্পানিগুলোর ক্ষেত্রে বিদ্যমান সার্কিট ব্রেকার সীমা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করে স্টক এক্সচেঞ্জ।