দেশের আইন ও বিচারব্যবস্থার ইতিবাচক পরিবর্তন এবং আইনজীবীদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট লয়ার্স ক্লাব’ নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
চিফ প্রসিকিউটর / জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের আদর্শে বিশ্বাসী আইনজীবীদের একটি সুসংগঠিত, কার্যকর ও প্রগতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য।
সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— নবীন আইনজীবীদের জন্য প্রশিক্ষণ ও মেন্টরশিপের ব্যবস্থা, আইনের শাসন ও সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, নিয়মিত গবেষণা, সেমিনার ও পেশাগত আলোচনা আয়োজন, আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদান।
আরও পড়ুন
সংসদে আইনমন্ত্রী / হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সাড়ে ৫ লাখের বেশি মামলা বিচারাধীন
সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডভোকেট মো. আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ৮৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ব্যারিস্টার আব্দুল্লাহ আল আমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অ্যাডভোকেট মো. আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে আরও বিভিন্ন পর্যায়ের সদস্য ও উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের সব আইনজীবী, বিচারপ্রার্থী জনগণ এবং শুভানুধ্যায়ীদের এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ন্যায়বিচার, গণতন্ত্র, আইনের শাসন ও আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষায় একটি শক্তিশালী ও জনমুখী প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
এমডিএএ/কেএসআর








