হাজার হাজার কিলোমিটার দূরের দেশ বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ না থাকলেও, এই দেশের ফুটবলপ্রেমীদের নীল-সাদা জার্সির প্রতি উন্মাদনা এখন বিশ্বের নজর কেড়েছে। বিশ্বকাপ এলেই ঢাকার রাজপথে হাজার হাজার সমর্থকের মিছিল, আতশবাজি আর উল্লাসের ঢেউ আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার খোরাক হয়েছে। এই অকৃত্রিম ভালোবাসা এবার সরাসরি স্পর্শ করেছে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিকেও। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ম্যাচ-পূর্ব এই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। তারা সব সময় আমাদের বিস্মিত করে। এত দূর থেকে আর্জেন্টিনাকে সমর্থন করা সত্যিই অবিশ্বাস্য। পৃথিবীর অন্য প্রান্তে মানুষকে আমাদের জার্সি পরে দেখতে সবসময়ই ভালো লাগে। আমরা তাদের আরও একটি আনন্দ দিতে পারলে খুব খুশি হবো।’ চলতি বিশ্বকাপজুড়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের এই আবেগপূর্ণ কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভাইরাল হচ্ছে, যা কোচ স্কালোনির দৃষ্টি এড়ায়নি। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের এই সমর্থন তাকে মানসিকভাবে অনুপ্রাণিত করেছে। ইতিমধ্যে অন্য সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্পেন। এখন স্কালোনির মূল লক্ষ্য বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়া। সেই জয় দিয়েই বাংলাদেশের কোটি আর্জেন্টাইন ভক্তের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রাজনীতি
বাংলাদেশের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত স্কালোনি, উপহার দিতে চান জয়

শেয়ার করুন







