রাজধানীর পুরান ঢাকার বংশাল আলু বাজার মিষ্টি গলি এলাকায় ছিনতাইয়ের প্রতিবাদ করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. পাভেল হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পাভেল ধানমন্ডির ড্যাফোডিল ইনশিুটিউট অব আইটির (ডিআইআইটি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ওয়ারী জোয়ার সাহারা বা জুলিয়া টুলি এলাকার হোটেল ব্যবসায়ী আতাউর রহমানের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বংশালে ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জানা যায়, পাভেল ও তার বন্ধু মোস্তাকিন আহমেদ বিকালে আলু বাজার মিষ্টি গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী এক কারখানা শ্রমিকের মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন পাভেল এগিয়ে যান এবং এক ছিনতাইকারীকে জাপটে ধরে ঘটনার প্রতিবাদ জানান।

এ সময় ওই ছিনতাইকারী তার পকেট থেকে সুইচ গিয়ার (ছুরি) বের করে পাভেলের বাম পায়ের হাঁটুর ওপরে আঘাত করে। পরে ছিনতাইকারীরা পাভেলের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।