রাজধানীর বংশালে একটি মোটরসাইকেলের পার্টসের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেওয়াল ধসে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মামাতো ভাই নাজমুল (৩৩) গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বংশালের মুকিম বাজারে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও উদ্ধারকারী সূত্র জানায়, মুকিম বাজার জামে মসজিদের পাশে একটি তিনতলা ভবনের নিচতলায় ‘বাইক পার্টস সেন্টার’ নামক দোকানের গুদাম অবস্থিত। ওই ভবনেরই তৃতীয় তলায় সপরিবারে থাকতেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন। ভোর সাড়ে ৪টার দিকে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে দেলোয়ার ও তার ভাই নাজমুল নিচে নেমে আসেন। তারা নিচে পৌঁছানো মাত্রই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো গোডাউনে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় নিচতলার দেওয়ালের একটি বড় অংশ ভেঙে ব্যবসায়ী দেলোয়ারের মাথায় পড়ে এবং তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। একই সময়ে তার ভাই নাজমুল গুরুতর আহত ও দগ্ধ হন।

উদ্ধারকারী হামিদুল বলেন, ‘আমি পাশের একটি গলিতে থাকি এবং ওই দোকানেই কাজ করি। ভোরে ধোঁয়া দেখে এগিয়ে এসে দেখি আমাদের মালিকের গোডাউনেই আগুন লেগেছে। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। গোডাউনের ভেতরে গ্যাসের কোনো সিলিন্ডার বা গ্যাসের লাইন ছিল না। তবে গোডাউনের দেওয়ালের বাইরের পাশ দিয়ে বাসা বাড়িতে ব্যবহারের গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। ধারণা করা হচ্ছে, ওই গ্যাস সিলিন্ডার থেকে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।’

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করেন। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। নিহত দেলোয়ার একজন আমদানিকারক (ইমপোর্টার) এবং ‘বাইক পার্টস সেন্টার’ দোকানের গুদামের মালিক ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের বেনাপোল এলাকায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।