চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কাজ সমন্বয় ও তদারকির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তাকে এ দায়িত্ব দিয়ে শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রীর অবস্থা এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন। একই সঙ্গে এ কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতে পরামর্শ দেবেন।

আরও পড়ুন

বিপর্যস্ত চট্টগ্রাম / পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট

এ ছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও তদারকি এবং বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করার দায়িত্বও পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দিবে।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত পাঁচ দিনে শুধু বৃহত্তর চট্টগ্রামেই পাহাড়ধস, দেওয়াল ধস এবং পানিতে ডুবে ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জনই রোহিঙ্গা। 

আরএমএম/এসএনআর