বন্যা পরিস্থিতির উন্নতি হলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, কৃষকের ফসল, গবাদিপশু ও মৎস্য খাতের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) রাতে কক্সবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার এখন থেকেই পুনর্বাসন কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ চলছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, স্লুইস গেট যথাযথভাবে পরিচালিত না হওয়ায় বন্যার ক্ষয়ক্ষতি বেড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে স্থানান্তর, বিকল্প আবাসনের ব্যবস্থা এবং পাহাড়ধস প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুম এখনো প্রায় দেড় মাস বাকি থাকায় নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে। তাই আগাম প্রস্তুতি জোরদার এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করলেও আরও ভালো সমন্বয় নিশ্চিত করা গেলে প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত সহায়তা পাবেন। বিশেষ করে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সহায়তা পৌঁছাতে সময় লাগছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন এবং সবাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

The post বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বাসনই হবে সর্বোচ্চ অগ্রাধিকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী appeared first on ZoomBangla.