প্রবল বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি এবং পাহাড় ধসের ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আমাদের সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
সারা দেশে বন্যা শুরু হয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধস হয়েছে। সব মিলিয়ে এই আগাম বন্যা নিয়ে প্রস্তুতি কি? জানতে চাইলে মন্ত্রী বলেন, এরই মধ্যে যেসব জায়গায় বন্যা এসেছে, বিশেষ করে কক্সবাজারে আপনারা জানেন, ভূমিধসে গতকাল ৯ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছে। ব্যক্তিগতভাবে রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ির জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে চট্টগ্রামের কক্সবাজার এবং পার্বত্য তিন জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ২০০ টন করে চাল, ১০ লাখ করে নগদ টাকা বরাদ্দ দিয়েছি তাৎক্ষণিকভাবে এই ধরনের দুর্যোগে আক্রান্তদের সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন, এ ব্যাপারে দুর্যোগের সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেখানে সহযোগিতা দেব। এ ছাড়া দেশের বাকি সব জেলায় পাঁচ লাখ করে টাকা এবং ১০০ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।








