বন্যাকবলিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
গতকাল সোমবার (২৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে বন্যার কারণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দিন কেন্দ্রে আসতে না পারা শিশুদের পুষ্টিসেবা নিশ্চিত করা হয়। আজ মঙ্গলবার (৩০ জুন) আনসার-ভিডিপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
আনসার-ভিডিপি সূত্র জানায়, গত ২৮ জুন জাতীয় ক্যাম্পেইনের দিন বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক শিশু নির্ধারিত কেন্দ্রে আসতে পারেনি। ফলে বাদ পড়া শিশুদের কাছে সেবা পৌঁছে দিতে পরদিন বিশেষ উদ্যোগ নেয় বাহিনীটি।
দলনেতা শাহ আলী ও সহকারী কমান্ডার হযরত আলীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল নৌকাযোগে ও হাঁটুপানি মাড়িয়ে মল্লিকপুর, কামরাবন্দসহ ছয়টি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। অভিযানে অংশ নেন কামরুননুর চৌধুরী, নুর আলম, হানিফ মিয়া, শামীম মিয়া, তাবারক হোসেন, আব্দুল নুর, ইসব আলী, আল মহান, হাকিম মিয়া, রিনা আক্তার, হাসনাহেনা আক্তার, লিমা আক্তার ও সোনিয়া মল্লিক।
ক্যাপসুল বিতরণের পাশাপাশি অভিভাবকদের ভিটামিন ‘এ’-এর গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়। কর্মীরা জানান, শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আনসার-ভিডিপির পক্ষ থেকে জানানো হয়, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে ঘরে ঘরে গিয়ে শিশুদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং বন্যাদুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপির মানবিক ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।








