রাজধানীর গেন্ডারিয়ায় অটোরিকশার ধাক্কায় এক রিকশাচালক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম গোলাম মোস্তফা (৫২)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মো. শুরু হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় আহত মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম
তাকে হাসপাতালে নিয়ে আসার ছেলে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সকালে গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা আমার বাবার রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে বাবা গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ/এএসএম








