জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বন্যার সময় মানুষ পানিবন্দি, গবাদিপশু ডুবে যাচ্ছে, প্রাণহানি ঘটছে। অথচ প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় না গিয়ে অন্য কর্মসূচিতে গেলেন বরিশালে। জনগণ তাকে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে, ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য নয়।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর বদলগাছী ডাকবাংলা মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে। এর আগের দিন ঢাকা মেডিকেলে গেলেন প্রিয় জোবাইদা রহমানের সঙ্গে। সেলফি তুললেন। বিয়ের আগে মানুষ প্রেম করে শুনেছি, এখন প্রধানমন্ত্রী বিয়ের পরও প্রেম করছেন। বাংলাদেশের মানুষ শুধু প্রেমই দেখছে, পরিবর্তন দেখছে না। আপনি প্রেম করলে রুমে করেন। আপনাকে আমরা ভোট দিয়েছি সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা-সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায়নি।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের সন্তানরা সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রী-প্রতিমন্ত্রী যদি এসি কক্ষে বসে না থেকে মাঠে যেতেন, নৌকার ব্যবস্থা করতেন বা পানিবন্দি এলাকায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিতেন, তাহলে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ত না। সরকার চাইলে একদিন পরীক্ষা পেছালেও কোনো সমস্যা হতো না।

তিনি বলেন, সব মন্ত্রী এমন ভাব ধরে থাকেন যেন তারাই সবচেয়ে ভালো মানুষ। কিন্তু হাঁটুপানি পেরিয়ে, গর্তে পড়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে—এসব দেখে যদি লজ্জা না লাগে, তাহলে জনগণের প্রতি দায়িত্ব কোথায়?

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা একটা ভবনের নাম শুনেছেন—হাওয়া ভবন। সেখানে বসে একসময় নানা অপকর্ম হতো। এখন সেই হাওয়া ভবন লন্ডনে বসেছে। সেই গ্যাংয়ের উচ্ছৃঙ্খল যুবকরা দেশে এসে ক্ষমতায় বসেছে। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হলে এই উচ্ছৃঙ্খল রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। সমাজের সজ্জন ও তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরমান হোসেন রুমন/কেএইচকে