বন্যার সময় ঘর-বাড়ি, রাস্তা-ঘাট সবই পানির নিচে তলিয়ে যায়। মানুষজন তাদের সহায়-সম্বল, বাসস্থান, জীবিকার উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। ফলে বিভিন্ন উদ্যোগে তাদের পুনর্বাসনের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র গড়ে তোলে এবং খাদ্য, বিশুদ্ধ পানিসহ তাদের প্রয়োজনীয় সব মৌলিক চাহিদা পূরণ করতে চেষ্টা করে। কিন্তু এই মানবিক কাজের আড়ালে অবহেলায় থেকে যায় রাস্তার বোবা প্রাণী-কুকুর, বিড়াল। এসব প্রাণীর একমাত্র বাসস্থান থাকে ফুটপাত, রাস্তায় খোলা জায়গা কিংবা পরিত্যক্ত স্থাপনা। আর এদের খাবার হলো রাস্তায় পড়ে থাকা উচ্ছিষ্ট ও ময়লা আবর্জনার স্তূপ। কিন্তু বন্যায় যখন রাস্তা-ঘাট ডুবে যায়, তখন তারা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলে। বোবা প্রাণী বলে তারা তাদের কষ্ট ও ক্ষুধার ব্যাপারে কাউকে কিছু বলতে পারে না। একটু খাবার আর আশ্রয়ের জন্য তারা দিগবিদিক ছুটে বেড়ায়। বিষয়টি আমাদের মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমাদের সবার উচিত বিপদে তাদের খাবার, আশ্রয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে সাহায্য করা। তবেই একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে উঠবে।
শেখ সুলতানা মীম, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ







