পটুয়াখালীর কলাপাড়ায় বড় ভাই জহিরুলের সঙ্গে পূর্ব বিরোধের জেরে ছোট ভাই ফিরোজ আলমের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সলেমান তালুকদারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ফিরোজ আলমের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ২০২৪ সালে জহিরুল ইসলামের ঘেরের মাছ ধরে নিয়ে যায় সলেমান। প্রায় দুই বছর পর বুধবার শহরের চৌরাস্তা এলাকায় জহিরুলের সঙ্গে সলেমানের দেখা হলে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান সলেমান। তাৎক্ষণিক বিচার না পেয়ে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ। এরপরই ফিরোজের ঘর পুড়িয়ে দেওয়া হয়। এতে পুরো ঘর ভস্মীভূত হয়। তবে, এ সময় ঘরের মধ্যে কেউ ছিল না।
ভুক্তভোগী ফিরোজ আলম বলেন, “আমাদের বাজারেও বাসা রয়েছে। রাতে সেখানে ছিলাম। আমার বড় ভাইয়ের সঙ্গে সলেমানের বিরোধের বিষয়টি জানা ছিল না। বৃহস্পতিবার সলেমান চৌরাস্তা এলাকায় বসে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়ার পর বিষয়টি শুনেছি। আগুনে আমার সব শেষ হয়ে গেল। ঘরের মধ্যে কিছু স্বর্ণালঙ্কারও ছিল। তাও পুরে শেষ। প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে সলেমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”








