পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের তান্ডবে গত চারদিনে ৩ টি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া আরও অন্তত ৫ টি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা।

রাজা জানান, আজ বুধবার দুপুর একটার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ৬ জেলে নিয়ে একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝি উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ৫ জেলে।

এছাড়া গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে দুইটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন কালাম পাইকার ও শহীদ। তারা দুজনই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেদের ভাষ্য, গতকাল সকালে তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দুটি মাছ ধরার ট্রলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে রওনা হয়। তপন জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারে ৫ জন জেলে ছিলেন।

জেলেরা জানান, রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলার দুটি দুর্ঘটনার শিকার হয়। ঢেউয়ের তোড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারটি ডুবে গেলে ওই ট্রলারের জেলেরা জীবন বাঁচাতে তপন জোমাদ্দারের ট্রলারে ওঠেন। পরে একপর্যায়ে প্রচণ্ড ঢেউয়ে দ্বিতীয় ট্রলারটিও ডুবে গেলে জেলেরা সাগরে ভাসতে থাকেন।

রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালী জেলার মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। বাকি ২ জনের সন্ধান মেলেনি এখনো।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, `২ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। প্রশাসনের পাশাপাশি আমাদের সমিতির পক্ষ থেকেও নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বোচ্চ উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, `খবর পেয়ে সঙ্গে সঙ্গে কোস্টগার্ড এবং নৌ পুলিশকে অবহিত করেছি। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া ১৬ জন জেলের চিকিৎসার বিষয়ে আমরা পটুয়াখালীর মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে খোঁজখবর নিচ্ছি।'

এর আগে গত রোববার বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীরে ১১ জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন অপর একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ৬ জেলে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে।