বরগুনায় পল্লী বিদ্যুত সমিতির খেজুরতলা গ্রিড সাবস্টেশনে সোমবার (৬ জুলাই) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক।
মঙ্গলবার (৭ জুলাই) পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান এ তথ্য জানান। দুপুর দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস জানায়, খেজুরতলা এলাকার গ্রিড সাবস্টেশন থেকে বরগুনা সদর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি বিকট শব্দ হয়। এর পরপরই স্টেশনটির ৬ নম্বর ফিডারে আগুন ধরে।
আগুনের স্থায়িত্ব মাত্র এক মিনিটের একটু বেশি ছিল। কিন্তু, এতেই স্টেশনের ভেতরে থাকা অন্য ফিডার, বিভিন্ন তারের সংযোগ পুড়ে যাওয়াসহ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও বরগুনা সদর উপজেলার ১০ ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
খেজুরতলা এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, “সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই। আমার মেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে।”
লাকুরতলা এলাকার রিজভী হাওলাদার বলেন, “অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ পাইনি। তীব্র গরমে দুর্বিষহ জীবন কাটছে আমাদের।”
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “সাব স্টেশনের ১১ কেভি এসিআর বিস্ফোরণ হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। আমরা মেরামত কাজ শুরু করেছি। যে যন্ত্রাংশটি পুড়ে গেছে তার বেশিরভাগই পটুয়াখালীতে নেই। তাই ঢাকা থেকে নিয়ে আসার চেষ্টা চলছে।”
তিনি আরো জানান, মেরামত কাজের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানেও কাজ করছেন তারা।








