টানা ৬ দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
চলতি অধিবেশনে নতুন অর্থবছরের মূল বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হয়েছে। গত ১১ জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা বাজেটের ওপর দীর্ঘ সাধারণ আলোচনায় অংশ নেন। বাজেট আলোচনার পাশাপাশি দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতেও সংসদ সদস্যরা বক্তব্য দেন।








