মাদারীপুরে বিষধর সাপের ছোবলে প্রাণ গেলো খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর। রান্নার জন্য লাকড়ি তুলতেই লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে ছোবল দেয়।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম একই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে গেলে লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।’
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/কেজে/জেআইএম








