বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের উত্তাল ঢেউ ও তীব্র স্রোতে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ পুলিশের সদস্যদের উদ্ধার অভিযানেও তার কোনো সন্ধান মেলেনি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। তালতলী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

নিখোঁজ কিশোরের নাম মো. আসাদুল (১৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে আসাদুলসহ সমবয়সি ৪ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তারা সৈকতে ঘোরাঘুরি করে গোসলের জন্য সমুদ্রে নামেন। তবে নিম্নচাপের প্রভাবে সাগরের পানি উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা স্রোতে ভেসে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা গেলেও আসাদুলের সন্ধান পাওয়া যায়নি।

শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

জানা যায়, ভেসে যাওয়ার সময় আসাদুল কিছুক্ষণ মাছ ধরার জন্য সমুদ্রে গেড়ে রাখা একটি খুঁটি ধরে ছিলেন। পরে প্রবল স্রোতে তিনি খুঁটি ছেড়ে পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে স্থানীয়দের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন।

এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘পাঁচ বন্ধু একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে আসাদুল নামে একজন স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নুরুল আহাদ অনিক/কেজে/জেআইএম