বরেন্দ্র অঞ্চলের ১৫৩টি ইউনিয়নকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৭টি ইউনিয়ন অতি উচ্চ, ৪০টি উচ্চ এবং ৬৬টি মধ্যম পানি সংকটাপন্ন এলাকা।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ১৫৩টি ইউনিয়নকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৭টি অতি উচ্চ, ৪০টি উচ্চ ও ৬৬টি মধ্যম পানি সংকটাপন্ন এলাকা রয়েছে।
মন্ত্রী জানান, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে সরকার বিকল্প উৎসের পানি ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে পানি সংকটাপন্ন এলাকা চিহ্নিতকরণ চলমান রাখা, অ্যাকুইফার (জলাধার) ম্যাপিং এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভস্থ পানির পরিমাণ, গুণগত মান ও নিরাপদ উত্তোলন সীমা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।








