ক্যান্সারে আক্রান্ত জিসানের চিকিৎসার দায়িত্ব নি‌লেন‌দি‌লেন মায়ের চাকরির আশ্বাস

​জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা তার ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং অসহায় মা ফাতেমা তুজ জোহরাকে একটি সরকারি চাকরির আশ্বাস প্রদান করেন। ​উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এই শোকের মাত্র দুই সপ্তাহ পর পরিবারটি জানতে পারে যে তাদের ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। বড় সন্তানকে হারানোর শোক এবং ছোট ছেলের জটিল অসুস্থতার মধ্যেই এর সাত মাস পর ফাতেমা তার স্বামীকেও হারান। অতি অল্প সময়ে স্বামী ও বড় সন্তানকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে পরিবারটি। ​সেই কঠিন সময়ে ক্যান্সারে আক্রান্ত জিসানের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে এগিয়ে আসেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন থেকেই 'আমরা বিএনপি পরিবার'র আহ্বায়ক এবং বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছিল। তখন থেকেই নিয়মিত জিসানের চিকিৎসার খোঁজখবর নিতেন তারেক রহমান এবং তার সেই ব্যক্তিগত উদ্যোগ ও তত্ত্বাবধানেই এখন পর্যন্ত জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা চলমান রয়েছে।