খাগড়াছড়িতে ভারী বর্ষণের কারণে বাড়তে শুরু করেছে চেঙ্গী ও মাইনি নদীর পানি। পাশাপাশি ছড়া ও খালের পানিও বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জেলা সদরের মুসলিম পাড়ার নিচু এলাকা, উত্তর গঞ্জপাড়া, মেহেদী বাগের একাংশ, মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার, দীঘিনালা ও লংগদু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। টানা বৃষ্টিতে বিভিন্নস্থানে ছোটখাটো পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে পানিবন্দী ও জলাবদ্ধতায় থাকা মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলার কথা জানিয়েছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা ঝুঁকিপূর্ণ পরিবারদের তালিকা করে সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে।
জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, “আপাতত দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”








