বড়াইগ্রামে স্বাধীনতার ৫৫ বছরেও মাত্র আড়াই কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় তিনটি ইউনিয়নের ১৩ গ্রামের বাসিন্দা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

জানা যায়, চান্দাই ইউনিয়নের দাসগ্রাম ফাজিল মাদ্রাসা হতে গড়মাটি হয়ে পাশের লালপুর উপজেলার দুয়ারিয়াগামী রাস্তাটি চান্দাই, গোপালপুর এবং নগর ইউনিয়নের ১৩টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র পথ। এ এলাকার নওগ্রাম, গড়মাটি, শিবপুর, চান্দাই, রাজেন্দ্রপুর, দাসগ্রাম, কৃষ্ণপুর, নিতাইনগর, জামাইদিঘী, দ্বারিখৈর সাহেববাজার, বক্ষ্মত্র পারগোপালপুর, গোপালপুর, নারায়ণপুর গ্রামের বাসিন্দা উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যেতে এ রাস্তা ব্যবহার করেন। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই রাস্তার নওগ্রাম হতে কৃষ্ণপুর পর্যন্ত প্রায় দ্ইু কিমি. এবং গড়মাটি হতে নওদাপাড়া পর্যন্ত আধা কিমি. রাস্তা দীর্ঘদিনেও পাকা হয়নি। কর্দমাক্ত রাস্তার কারণে এ এলাকার লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শাহিনুর রহমান জানান, কাঁচা রাস্তার কারণে এ এলাকার কৃষকদের জমিতে উৎপাদিত পণ্য ১০-১৫ কিলোমিটার পথ ঘুরে বিভিন্ন হাটবাজারে নিয়ে যেতে হয়। অতিরিক্ত পথ ঘুরতে তাদের খরচও অনেক বেড়ে যায়। গৃহবধূ সাদিয়া আক্তার বলেন, রাস্তার কারণে তাদের ছেলেমেয়েদের ভালো জায়গায় বিয়ে দিতে পারেন না। গর্ভবতীসহ অসুস্থদের দ্রুত হাসপাতালে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। উপজেলা প্রকৌশলী আবদুস সামাদ বলেন, জনস্বার্থে সড়কটি পাকা করা দরকার। বরাদ্দ পেলে অগ্রাধিকারের ভিত্তিতে সড়কটির কাজ করা হবে।